Friday, April 10, 2026
Home "ধারাবাহিক গল্প """ফেরারী বসন্ত ফেরারী বসন্ত পর্ব-আঠারো

ফেরারী বসন্ত পর্ব-আঠারো

0
5

#বড় গল্প
#ফেরারী বসন্ত
পর্ব-আঠারো
মাহবুবা বিথী

হাসনা রেডী হয়ে সায়েরা আর আরশীকে নিয়ে সিতারাদের বাসায় একা যেতে চাইলে রাজ বাঁধা দিয়ে বলে,
—এ অবস্থায় তোমাকে একা যেতে দিবো না। আমিও তোমার সাথে যাবো।
রাজের কথা শুনে হাসনার ভীষণ ভালো লাগে। হাসনা রাজের দিকে অপলক তাকিয়ে থাকে। আসলে এই পৃথিবীতে সবাই চায় একটু আদর একটু ভালোবাসা। রাজ হাসনার চোখের কাছে তুড়ি বাজিয়ে বলে,
—- কি হলো,পাথরের মূর্তির মতো তাকিয়ে আছো কেন?
হাসনা ওর নির্লজ্জ্বের দৃষ্টিতে রাজকে দেখছিলো আর ভাবছিলো। ওর জীবনে দাম্পত্য সুখ খুব একটা স্থায়ী হয়নি। বাবা মায়ের অভাবের সংসারে সচ্ছলতা না থাকলেও পারিবারিক শান্তি ছিলো। তারপর ধুর্ত রাশেদের প্রেমের ফাঁদে পা দিয়ে ওকে বিয়ে করে ফেলে। বিয়ের কিছুদিন ভালো চললেও আরশী পেটে আসার পর রাশেদের কালকূট চেহারা আস্তে আস্তে প্রকাশ হতে থাকে। সাথে সাথে ওর মায়ের কাছেও অত্যাচারিত হতে থাকে। হাসনা যদিও জীবনের এই অবস্থাকে ওর নিয়তি বলে ধরে নিয়েছিলো বাস্তবে শেষ রক্ষা হয়নি। আটবছর পর ঐ সংসার থেকে বেরিয়ে আসে। ডিভোর্সের তকমা গায়ে লেগে যাওয়াতে শুরু হয় আর এক যন্ত্রনা। তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘোচাতে রাজ যেন এক অচিন দেশের রাজকুমার হয়ে ওর জীবনে এসেছে। আস্তে আস্তে এই মানুষটা ওর হৃদয়ের সিংহাসন দখল করে নিচ্ছে। চোখ সরিয়ে হাসনা বলে,
—সমস্যা নেই,আমি একাই যেতে পারবো।
—তুমি জানো,আমি এক কথা বার বার বলা পছন্দ করি না।
হাসনা আর কথা বাড়ায় না। অবশেষে ওরা এগারোটার সময় সিতারাদের বাসার উদ্দেশ্য রওয়ানা দেয়। যাওয়ার সময় রাজ ওর মাকে বলে,
—হাসনার শরীরের এই অবস্থায় ওকে একা ছাড়া ঠিক হবে না। ও বাড়িতে পৌঁছে আমি গাড়ি পাঠিয়ে দিবো।

ঐ সময়টাতে রাস্তা কিছুটা ফাঁকা থাকে। সে কারনে সাড়ে এগারোটার মধ্যে ওরা কামালকাছনায় পৌঁছে যায়। আসার সময় রাজ ভালো দোকান থেকে দুকেজি কালোজাম আর দুকেজি রসগোল্লা কিনে আনে। মিষ্টিগুলো বাড়ির অ্যাসিসটেন্ট সালেহার হাতে দিয়ে রাজ আর হাসনা ড্রইং রুমে বরের বেশে হাসেমকে দেখে প্রচন্ড অবাক হয়। হাসনা হাসেমের দিকে তাকিয়ে বলে,
—বরের পোশাক পড়েছিস কেন? তোর কি আজ বিয়ে?
হাসেম কিছু বলার আগেই সায়মা চলে আসে।
হাসনার দিকে তাকিয়ে বলে,
—-তোমার ভাই বিয়ে করে ফেলেছে। আজ তার রিসিপশন হবে।
—-খালামনি,বউ কোথায়?
—পাশের রুমে বসে আছে।
সায়মার এরকম ক্রিয়াহীন কথা বার্তায় হাসনা একটু অবাক হয়। রাজের দিকে তাকিয়ে সায়মা বলে,
—-রাজ, তোমার আব্বা আম্মা সহ বাড়ির সবাই রওয়ানা দিয়েছেন?
—আমরা এখানে নেমেই গাড়ি পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।

আরশী আর সায়েরা ততক্ষণে পাশের রুমে গিয়ে সিতারাকে বৌ বেশে বসে থাকতে দেখে হাসনার কাছে এসে আরশী বলে,
—আম্মু ওই রুমে তো সিতারা খালা বউ সেজে বসে আছে।
আরশীর কথা শুনে হাসনা সায়মার দিকে তাকায়। কিন্তু সায়মার চেহারায় কোনো উচ্ছাস দেখতে পায় না। ওর কেমন যেন অস্বস্তি হতে থাকে। সায়মা ঐ রুম থেকে চলে যায়। রাজ বুঝতে পারে ঘটনা কবে ঘটেছে। কিছুটা বয়স তো বেড়েছে। সে কারণে কিছু অভিজ্ঞতা জীবনে সঞ্চয় হয়েছে। সেদিন ভোরে একসাথে যখন ওরা দুজনে বাসায় এসেছিলো তখনি রাজের সন্দেহ হয়েছে। রাজ সেই প্রসঙ্গে না গিয়ে হাসেমকে বলে,
—গ্রাজুয়েশন তো শেষ হলো। এবার কি বিদেশে পাড়ি জমাবে নাকি দেশেই ক্যারিয়ার গড়বে?
—-এখনো কিছু ভাবিনি।
হাসনা পাশের রুমে গিয়ে দেখে সিতারা বসে আছে। ও অবাক হয়ে বলে,
—কাজটা তোরা ঠিক করিসনি? খালা খালু হয়তো মনে অনেক কষ্ট পেয়েছেন।
সিতারা শান্ত ধীর স্থিরভাবে বলে,
—-বাবা মা কষ্ট পেয়েছেন আবার একসময় ভুলেও যাবেন। কিন্তু আমি নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে না পারলে সারাজীবন কষ্ট পেতাম। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি। তাছাড়া হাসেম ভাই পাত্র হিসাবে অযোগ্য কোনদিকে?
এসময় চাচী রুবা সিতারার রুমে আসে। ওর কথাগুলো শুনতে পেয়ে বলে,
—এটা তুমি কি বললে? হাসেম কোনদিকে তোমার যোগ্য?
—সবদিক থেকেই ও আমার যোগ্য। পরিবার ভালো,ভালো ছাত্র,রেজাল্ট ভালো সে কারণে ইনশাআল্লাহ চাকরিও ভালো পাবে।
—তুমি এর থেকে আরো ভালো ছেলে বিয়ে করতে পারতে। হাসেমের একটাই ভালোদিক। তা হচ্ছে ও ছাত্র হিসাবে ভালো। আর তো কিছু চোখে পড়ে না। বাড়ি তো সেই ভেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টিতে গড়িয়ে পড়ে পানি।
হাসনা রুবার কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকায়। কি করে পারে কারো আর্থিক বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করতে? সিতারার রাগ চড়ে যায়। সে কারণে ও কঠিনস্বরে বলে,
—আর যাই হোক আপনার মেয়ের মতো কোনো ফেলটুর সাথে সম্পর্ক করিনি। নিজের ঘরকে সামলান।আমারটা আমি বুঝে নিবো।
এমন সময় মীরা এসে রুবাকে বলে,
—-বড়মা তোমাকে ডাকছে?
রুবা তেতে উঠে বলে,
—-গিয়ে বল,আমি কিছুই করতে পারবো না।
একথা বলে রুবা ঘর থেকে বেরিয়ে যায়। এরমাঝে আসমা মানে হাসেমের মা বাবা চলে আসে। যদিও ফিরোজ হাসেমের বাবাকে বুকে জড়িয়ে ধরে বলেছে,
—ছেলেমেয়েরা ভুল একটা করেছে। এখন আমরা বিষয়টা মিটিয়ে ফেলি।
কিন্তু হাসেমের বাবা সহজ হতে পারছেন না। এসময় রাজ এসে ফিরোজকে বলে,
—বিয়ে করাতো ভুল নয় আঙ্কেল,
—বিয়ে করাটা ভুল নয় কিন্তু নিজেরা এভাবে বিয়ে না করে আমাদের জানাতে পারতো। কারণ বিয়েতে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে দুজন করে ওলী থাকতে হয়। সেটা হতে হয় বাবা,চাচা,মামা খালা থেকে,তা না হলে বিয়েটা শুদ্ধ হয় না।
—তা অবশ্য ঠিক বলেছেন।
এদিকে আসমা সায়মার সাথে সহজ হতে পারছে না। এই বোনটা সবসময় পাশে থেকে সাহায্য করে গিয়েছে। অথচ হাসেম কিভাবে পারলো সিতারাকে এভাবে বিয়ে করতে? জুবায়ের আর সাবেরও বউ বাচ্চা নিয়ে চলে এসেছে। সিতারার ছোটো মামা জুবায়ের একফাঁকে আসমাকে বলে,
—হাসেম কি করে পারলো সায়মা আপুর বুকে ছুঁড়ি মারতে? সায়মা আপু সবসময় তোমার পাশে থেকেছে। কত ভালো ঘর দেখে হাসনার বিয়ে দিয়েছে।
সিতারার বড় মামী লিলি জুবায়েরের মুখের কথা কেড়ে নিয়ে টিপ্পনী কেটে বলে,
—আপার ছেলে মেয়ে দুটো ভীষণ করিৎকর্মা। সায়মা আপুর ঘাড়ে বসে কি করে নিজেদের আখের গুছিয়ে নিলো।
এমনসময় সিতারা আসমার সাথে দেখা করতে ঐ রুমে আসছিলো। মামীর কথা শুনে রুমে এসে বলে,
—মামী, আপনি কথাটা ভুল বললেন,বরং আমি হাসেম ভাইকে বিয়ে করে আমার আখের গুছিয়ে নিয়েছি। ভবিষ্যতে সেটা বুঝতে পারবেন।
এরপর আসমার দিকে তাকিয়ে সিতারা বলে,
—-আপনার ছেলেকে এভাবে বিয়ে করলাম বলে আমার উপর রাগ করেছেন?
আসমা বিছানা থেকে নেমে সিতারাকে জড়িয়ে ধরে বলে,
—তোর মতো মেয়েকে বউ হিসাবে পেয়ে মনে মনে আল্লাহপাকের কাছে শোকরিয়া আদায় করেছি। রাগ করবো কেন?

যাক আবারো কাজী ডেকে ওদের দুজনের নতুন করে বিয়ে পড়ানো হলো। ভালোই ভালোই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলো। কিন্তু সমস্যা হলো সিতারাকে নিয়ে। সবাই চাইছিলো সিতারা আর হাসেমের বাসর কামাল কাছনাতে মানে ওর বাবার বাড়িতে হোক। কিন্তু হাসেম রাজী থাকলেও সিতারা রাজী নয়। সবাই জানি সিতারা এক কথার জেদী মেয়ে। অবশেষে ওর কথাই থাকলো। একটা মাইক্রোবাস ভাড়া করে হাসেম নিজের বাড়ির দিকে রওয়ানা দেয়। রংপুর শহর থেকে জলঢাকা যেতে ঘন্টা দুয়েক সময় লাগে। বাড়ি পৌঁছাতে বেশ রাত হয়। আসমা বেগম গাড়ি থেকে আগে নেমে তালা খুলে বাড়িতে ঢুকে যান। ছেলে আর বৌমার জন্য গাছের পাতি লেবু দিয়ে দুগ্লাস শরবত রেডী করেন। রায়হান মাস্টার ছেলে আর বউকে নিয়ে ঘরে তুলে। হাসেম সিতারাকে নিয়ে ড্রইংরুমের সোফায় বসে। সিতারা ঘরের চতুর্দিকে চোখ বুলিয়ে নেয়। টিনের চালের একতলা বাড়ি। কিন্তু বেশ পরিপাটি করে গুছানো। জানালায় সাদা রঙের পর্দা ঝুলছে। সোফার কুশনগুলো বেশ সুন্দর। মনে হলো খালা নিজের হাতে সুই সুতা দিয়ে কাজ করেছে। সোফার সামনে টেবিলেও একই ফুলের ডিজাইন করা হয়েছে। বুকসেলফের বইগুলো পরিপাটি করে গোছানো। কোথাও এতোটুকু ধুলো জমে নেই। আসমা ওদের দুজনকে শরবত খাইয়ে বরণ করে। আসমা সিতারাকে নিয়ে হাসেমের ঘরে খাটে নিয়ে বসিয়ে রাতের খাবারের ব্যবস্থা করতে চলে যায়। একটুপর হাসেম রুমে আসে। সিতারার দিকে তাকিয়ে বলে,
—বাসর খাট তো সাজানো হলো না,
সিতারা শীতল স্বরে বলে,
—বাসর তো এখানে হবে না?
হাসেম অবাক হয়ে বলে,
—তাহলে কোথায় হবে?
সিতারা হাসেমের দিকে তাকিয়ে বলে,
—আজ আমরা দুজনে ঘরের বাইরে হাঁটবো। যতটুকু জানি আজ পূর্ণিমা। পূর্ণিমারাতে আমার বাইরে হাঁটতে খুব ভালো লাগে।
সিতারার কথা শুনে হাসেম মনে মনে খুব বিরক্ত হয়। কিন্তু সে জানে সিতারা মুখ দিয়ে যা বলে তা সে করবেই। সেকারণে সিতারাকে হাসেম বলে,
—-আব্বা আম্মা ঘুমিয়ে পড়ুক তারপর তোমাকে নিয়ে বাইরে যাবো।

সিতারারা সবাই দ্রুত রাতের খাবার খেয়ে নেয়। বিশেষ করে আসমা ভাবছে,আজ যেহেতু ওদের দুজনের বাসর হবে তাই যত দ্রুত ওদেরকে ফ্রী করে দেওয়া যায়। হাসেম একসময় বাবা মায়ের ঘরে উঁকি দিয়ে দেখে, উনারা গভীর ঘুমে অচেতন। হাসেম আর দেরী করে না। সিতারাকে নিয়ে বেরিয়ে পড়ে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। চারিদিকে রুপালী আলোর বন্যা বইছে। আজকের এই আলো হাসেমের কাছে স্বপ্নের মতো লাগছে। হাসেম আর সিতারা মেঠোপথ ধরে হাঁটছে। কিছুদূর হেঁটে সিতারা ওর জুতো জোড়া খুলে হাসেমের হাতে দিয়ে খালি পায়ে শিশির ভেজানো পথে হাঁটতে থাকে। সিতারা নিচু হয়ে ঘাসের ডগার শিশিরগুলো দেখতে থাকে। চাঁদের আলো পরে সেগুলো হীরার মতো চকচক করছে। হাসেম অবাক হয়ে সিতারার ছেলেমানুষিগুলো দেখে মজা পায়। একসময় সিতারার মাথায় হালকা চাটি মেরে বলে,
—তোমার মাঝে এখনও বড্ড ছেলেমানুষি লুকিয়ে আছে।
সিতারা সোজা হয়ে দাঁড়িয়ে বলে,
—-সবার মাঝেই কিছুনা কিছু ছেলেমানুষি থাকে।
হাসেমের মাথায় দুষ্টুবুদ্ধি খেলে যায়। সে জুতোজোড়া মাটিতে রেখে সিতারাকে জড়িয়ে ধরে। সিতারা হাসেমকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পেরে উঠে না। তখন হাসেমকে চমকে দিয়ে বলে,
—ঐ দেখো বাবা মনে হয় আমাদের ডাকতে চলে এসেছেন।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here